লঞ্চে আগুন: বরগুনায় ২২ প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ২২ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ করেছে নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত ৪ সদস্যের তদন্ত কমিটি।
আজ রোববার বরগুনা সার্কিট হাউস মিলনায়তনে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়।
তদন্ত কমিটির সদস্যরা হলেন- কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তোফায়েল ইসলাম, নৌ-পুলিশের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কফিল উদ্দিন, বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার পরিচালক মামুন আর রশিদ।
সার্কিট হাউস মিলনায়তনে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান।
কমিটির সদস্য ও বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, 'আমরা বরগুনায় ২২ জন প্রত্যক্ষদর্শীর জবানবন্দি গ্রহণ করেছি। এ ছাড়া, অন্যান্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিতেও আমরা বরিশাল যাব।'
তদন্ত কমিটির প্রধান নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তোফায়েল ইসলাম বলেন, 'তদন্ত এখনো চলমান। তাই কোনো তথ্য দেওয়া যাচ্ছে না। ঘটনার সত্যতা উদঘাটনে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।'