লঞ্চে আগুন: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রাসেলের মৃত্যু
ঝালকাঠির লঞ্চে আগুনের ঘটনায় রাসেল শেখ (৩৮) নামে আরও একজন মারা গেছেন।
আজ সোমবার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সকাল ১১টার দিকে তিনি মারা যান।
ইনস্টিটউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, রাসেলের শ্বাসনালীসহ ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, এই ঘটনায় আরও ২ জনকে আইসিইতে রাখা হয়েছে। সব মিলিয়ে ভর্তি রয়েছেন ১২ জন।
রাসেলের ভাই মুন্না শেখ জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার নোওয়াপাড়া গ্রামে। রাজধানীর সবুজবাগের মাদারটেক চৌরাস্তায় থাকতেন রাসেল। তিনি একটি বেকারীর ভ্যানগাড়ি চালাতেন।
মুন্না আরও জানান, রাসেল তার পরিবারের ৯ সদস্য নিয়ে বেড়াতে যাচ্ছিলেন বরগুনা সদরে এক আত্মীয়ের বাসায়। লঞ্চে অগ্নিকান্ডের পর রাসেলের স্ত্রী পুতুল (৩২) এবং শ্যালক কালু (২৮) ও রবিনকে (১৬) আহত অবস্থায় পাওয়া গেছে। তবে, রাসেলের শাশুড়ি মনোয়ারা বেগম (৭০), কালুর স্ত্রী রুমা আক্তার (২০), তার মেয়ে অহনা (৫) ঘটনাস্থলেই মারা যান। নিখোঁজ রয়েছে রাসেলের ২ ছেলে ইমন (৮) ও জীবন (১২)।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, রাসেলসহ এই দুর্ঘটনায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৪৮ এ।