লঞ্চে আগুন: মালিকসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখের বিরুদ্ধে বরগুনার আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির বাদী হয়ে আজ রোববার বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে মামলার আবেদন করেন। আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আবেদন গ্রহণ করে এজাহার হিসেবে নেওয়ার জন্য বরগুনা সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

আদালতের প্রশাসনিক কর্মকর্তা আখতার হোসেন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

বাদী পক্ষের আইনজীবী সাইফুর রহমান সোহাগ ডেইলি স্টারকে বলেন, 'লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকসহ কর্মীদের গাফিলতি স্পষ্ট। আলোচিত এ ঘটনায় বাদী ক্ষুব্ধ হয়ে মামলার আবেদন করেছেন। আদালত আবেদন গ্রহণ করে মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার ওসিকে আদেশ দিয়েছেন।'

মামলার বাদী চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির ডেইলি স্টারকে বলেন, 'বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যে আমি নিশ্চিত হয়েছি যে, মামলার আসামিদের গাফলতির কারণে আগুন, মৃত্যু, আহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মালিকসহ সংশ্লিষ্টদের বিচার হওয়া উচিত বলে মনে করেছি। এ কারণেই আমি ন্যায় বিচারের স্বার্থে মামলাটি করেছি। আমি এ মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।'

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে ৩৭ জনেরই বাড়ি বরগুনায়। এ ছাড়া, আহত রয়েছেন শতাধিক যাত্রী। এ ঘটনায় এখন পর্যন্ত কতজন নিখোঁজ আছেন তা জানা যায়নি।