লঞ্চ দুর্ঘটনার ষষ্ঠ দিনে নারীসহ আরও ২ মরদেহ উদ্ধার
ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সকাল সাড়ে ৮টায় সুগন্ধা নদী থেকে এক নারীর (৩০) ও সকাল ১০টায় বিষখালী নদী থেকে এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়।
ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলীর বরাত দিয়ে দ্য ডেইলি স্টারের বরিশাল সংবাদদাতা বলেন, 'আজ আরও ২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে প্রাপ্ত মোট মরদেহের সংখ্যা হলো ৪৬টি।'
ঝালকাঠি দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, 'সুগন্ধা ও বিষখালী নদীর মোহনায় এক নারী ও বিষখালী নদীর মানকিসুন্দর এলাকায় এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা আমাদের সংবাদ দেন।'
'পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ২টি মৃতদেহ উদ্ধার করেন' উল্লেখ করে তিনি আরও বলেন, 'তাদের শরীরে আগুনে পোড়ার চিহ্ন আছে।'
অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের বিষয়ে কন্ট্রোল রুমে কর্মরত সাইদুর রহমান বলেন, 'নতুন পাওয়া মরদেহগুলো এখনো নথিভুক্ত হয়নি।'
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এ পর্যন্ত অন্তত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।