শরীয়তপুরে নসিমনের ধাক্কায় নিহত ১
শরীয়তপুরে নসিমনের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন।
শরীয়তপুর সদর উপজেলার শরীয়তপুর-মাদারীপুর সড়কের আঙ্গারিয়া সেতুর ঢালে কাশীপুর এলাকায় আজ সকাল ১১টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন ব্যাপারী (৪০) সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের সুবেদারকান্দি গ্রামের এসকান্দার ব্যাপারীর ছেলে। নিহত ফিরোজ ব্যাপারী ও ছাত্তার ব্যাপারী তার চাচাতো ভাই। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকাল ১১টার দিকে পাট বোঝাই নসিমন শরীয়তপুর-মাদারীপুর সড়ক দিয়ে যাচ্ছিল। কীর্তিনাশা নদীর আঙ্গারিয়া সেতু থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ইট ভাঙা মেশিনে ধাক্কা দেয়। সেখানে কাজ করছিলেন আনোয়ার হোসেন ব্যাপারী, লুৎফর ব্যাপারী ও সাত্তার ব্যাপারী। নসিমনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান আনোয়ার হোসেন ব্যাপারী। আহত দুজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, পাট বোঝাই নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ইট ভাঙা মেশিনে ধাক্কা দিলে নসিমনে আগুন ধরে যায়। পরে শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসের দল ও পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ সুরতহালের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে আছে।
ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে একটি মামলা হবে বলে জানান তিনি।