শরীয়তপুরে সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সাঁকো থেকে খালে পড়ে সাত বছরের শিশু মোরসালিন সরদারের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ।
দ্য ডেইলি স্টারকে তিনি জানান, মোরসালিন ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের এবাদুল সরদারে ছেলে। সে তার বাড়িতে পটেটো চিপস খাওয়ার বায়না ধরে। সন্ধ্যার দিকে সাঁকো পার হয়ে তার বড় ভাই তৌহিদ সরদারের দোকানে চিপস আনতে যায়। ফেরার পথে সাঁকো পার হওয়ার সময় খালে পড়ে যায়।
তিনি আরও জানান, স্থানীয়রা মোরসালিনকে খাল থেকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কনেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু মাতব্বর জানান, বিষয়টি মর্মান্তিক। এ ধরনের মৃত্যু আসলেই অনাকাঙ্ক্ষিত। বর্ষার সময়ে প্রত্যেক বাবা মায়ের উচিত শিশু সন্তানকে একা না ছাড়া।