যশোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
যশোরের শার্শা উপজেলায় ট্রাকের ধাক্কায় কওছার আলী (৭৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বেলতলা মুড়ির মিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কওছার আলী ঝিকরগাছা নাভারন গোডাউন কলোনি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
নাভারন হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মঞ্জুরুল ইসলাম জানান, আজ সকালে কওছার আলী ভ্যানে করে সোনাবাড়ীয়া এলাকায় যাচ্ছিলেন। পথে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বেলতলা মুড়ির মিল এলাকায় পৌঁছালে সাতক্ষীরাগামী দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে যাত্রী কওছার আলী ও ভ্যানচালক সাহেব আলী (৬৫) ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক কওছার আলীকে মৃত ঘোষণা করেন।
ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান মঞ্জুরুল ইসলাম।