শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ছয় জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

আজ সোমবার সকাল পৌনে ৮টায় শায়েস্তাগঞ্জের ওলিপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

'নিহতদের চার জন পুরুষ ও দুই জন নারী' উল্লেখ করে তিনি জানান, চুনারুঘাট থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি হবিগঞ্জ যাচ্ছিল। ওলিপুর এলাকায় সিলেটগামী একটি কাভার্ড ভ্যান পেছন দিক থেকে ধাক্কা দিলে অটোরিকশার চার পুরুষ ও দুই নারী ঘটনাস্থলেই মারা যান। তারা সবাই অটোরিকশার যাত্রী।

দুর্ঘটনায় আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, 'দুর্ঘটনার সংবাদ পেয়ে শায়েস্তাগঞ্জ থানা, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে।'