শিবচরে ট্রাক উল্টে নিহত ৪, আহত অন্তত ১০

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শনিবার রাত নয়টার দিকে উপজেলার আড়িয়াল খাঁ নদের টোল প্লাজার কাছে দুর্ঘটনা ঘটে।

শিবচর উপজেলার দত্তপাড়া পুলিশ পরিদর্শক সঞ্জয় ঘোষ মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমরা দুর্ঘটনাস্থল থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় আহত দু'জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আরও অন্তত ১০ জনের মতো আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় নিহত আরিফের (২৫) বাড়ি ভোলা জেলার চরফ্যাশন, মিরাজ (৩০) ভোলার লালমোহন ও পুলক বাড়ি মাদারীপুর জেলায় এবং চতুর্থ জনের পরিচয় এখনো জানা যায়নি। যে দুজনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে তাদের একজনের নাম সোহান (৩২)। তিনি টোলপ্লাজার কর্মচারী এবং আরেকজনের নাম জানা যায়নি।

এই পুলিশ কর্মকর্তা জানান, ট্রাকটি ছাদ ঢালাইয়ের সেন্টারিংয়ের মালামাল নিয়ে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ট্রাকটি ঢাকাগামী বেশ  কয়েকজন যাত্রী তোলেন। ট্রাকটি শিবচরের আড়িয়াল খাঁ সেতুর টোল প্লাজার কাছে এসে একটি পিকআপভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রোল প্লাজার একজন কর্মচারীসহ অন্য আরও একজনকে ধাক্কা দিয়ে রেলিং ভেঙে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।