সোয়ারীঘাটে জুতার কারখানায় আগুনে নিহত ৫
রাজধানীর সোয়ারীঘাটে জুতার কারখানায় আগুনে ৫ জন নিহত হয়েছেন।
আজ ভোররাত সোয়া ১টার দিকে কামালবাগ এলাকার কারখানায় আগুন লাগে।
দমকল বাহিনীর ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, একটি টিনশেড কারখানায় আগুন লাগে। ৮টি ইউনিট ভোররাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর মরদেহগুলো উদ্ধার করা হয়।
চকবাজার থানার উপপরিদর্শক অলক কুমার বিশ্বাস ডেইলি স্টারকে বলেন, 'নিহতরা ওই কারখানায় ঘুমাচ্ছিলেন। আগুন লাগার পর তারা বের হতে পারেননি।'
'পুলিশের কাছে কারো আহত হওয়ার সংবাদ নেই' উল্লেখ করে তিনি আরও বলেন, 'মরদেহগুলো মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'
দমকল বাহিনীর এক কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে বিষাক্ত গ্যাস থেকে সৃষ্ট ধোঁয়ার কারণে ৫ জনের মৃত্যু হয়েছে। যত দূর জেনেছি কেউ আহত হননি। ধ্বংসস্তূপের মধ্যে আরও অনুসন্ধান চালানো হচ্ছে।