শ্যামপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ফারুক হোসেন (৪০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) সমরেশ কুমার দাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফারুকের বাড়ি রংপুরের কোতোয়ালি উপজেলার শেখপাড়া গ্রামে। তার বাবা মৃত মনসুর আলী। ফারুক পরিবার নিয়ে ধোলাইপাড়ের এক নম্বর গলিতে থাকতেন। গেন্ডারিয়ায় সজীব ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আয়রন ম্যান হিসেবে কাজ করতেন তিনি।

তার ছোট ভাই মো. রাজু ডেইলি স্টারকে জানান, ভোররাত সাড়ে ১২টার দিকে গার্মেন্টস থেকে বাসায় ফিরছিলেন ফারুক। পথে ধোলাইপাড় নৌকা ব্রিজের পাশে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শুনেছি সিটি করপোরেশনের একটি গাড়ি তাকে ধাক্কা দিয়েছে।

সমরেশ কুমার দাস আরও বলেন, 'লোকমুখে শুনেছি সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় ফারুক মারা গেছেন। তবে গাড়িটি এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।'