শ্রীপুরে খিরু নদীতে ট্রলারডুবিতে তরুণের মৃত্যু, চিকিৎসক নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলার সোনাবো এলাকায় খিরু নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে তানভীর (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অমিত সাহা নামে এক চিকিৎসক নিখোঁজ রয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান ফখরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ অমিত সাহা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ভালুকাগামী যাত্রীবাহী ট্রলারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলারের ধাক্কা লাগে। এতে যাত্রীবাহী ট্রলারটি পানিতে ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের যাত্রীরা পিকনিক শেষে ময়মনসিংহের ভালুকায় ফিরছিলেন। এতে অন্তত ২৫ জন যাত্রী ছিল।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন জানান, আজ বিকেল ৪টার দিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক-স্টাফসহ কমপক্ষে ২০ জন ট্রলারে করে নৌ ভ্রমণের উদ্দেশ্যে বের হয়। ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। সেসময় ট্রলারের সব যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুই জন নিখোঁজ ছিলেন। পরে একজনের মরদেহ উদ্ধার করা গেলেও অপরজন এখনো নিখোঁজ।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান ফখরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে ভালুকা ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী এবং ডুবুরিরা চেষ্টা চালিয়ে রাত ১১টার দিকে তানভীর নামে একজনের মরদেহ উদ্ধার করেছেন। অমিত সাহা নামে একজন চিকিৎসক নিখোঁজ রয়েছেন। রাত পৌনে ১টার দিকে উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। ট্রলার ও নিখোঁজ একজনকে উদ্ধারে আগামীকাল সকালে আবারও উদ্ধার অভিযান চালানো হবে।'