শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে পিকআপ ভ্যান, নিহত ৩
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এমসি বাজার এলাকায় ঢাকাগামী মুরগিবাহী পিকআপ ভ্যানের চাপায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা ৩ পথচারী নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোররাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল মজিদ জনি (৩২), ময়মনসিংহের গফরগাঁও উপজেলার (পাগলা থানার) দেউলপাড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৩৫) ও খুলনার উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল হকের ছেলে ইব্রাহীম হোসেন (৩২)।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'নিহতরা হাট-বাজার ও সড়ক-মহাসড়কের ফুটপাতে আতর, তসবিহ, জায়নামাজ, টুপির ভ্রাম্যমাণ দোকানদার। রাতে তারা স্থানীয় একটি ওয়াজ-মাহফিল থেকে নিজ নিজ বাসায় ফিরছিলেন। পথে এমসি বাজার এসে মহাসড়কের পাশে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছিলেন। সেসময় ঢাকাগামী মুরগিবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়।'
'স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।'
'পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন' উল্লেখ করে তিনি আরও বলেন, 'কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।'