সন্দ্বীপে স্পিডবোটডুবি: নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলে স্পিডবোট ডুবিতে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার উড়িরচর ইউনিয়নের বঙ্গোপসাগর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'নিখোঁজ তিন শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় এক জেলে মরদেহ দেখতে পেয়ে বিষয়টি  জানান। খবর পেয়ে উদ্ধারকারী দল পাঠিয়ে শুক্রবার সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।'

সন্দ্বীপ উপকূলে স্পিডবোট ডুবিতে নিখোঁজ ৩ শিশুর বাড়ি উপজেলার মগধরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। তাদের বাবা ওমানপ্রবাসী মো. আলাউদ্দিন।

গত বুধবার স্পিডবোট ডুবির পর আলাউদ্দিনের বড় মেয়ে নুসরাত জাহানের (১৩) মরদেহ উদ্ধার করা হয়। তবে তার যমজ দুই কন্যা আদিবা ও আলিফা নিখোঁজ ছিল। এ ছাড়া মনির হোসেন (১০) নামেও এক শিশু নিখোঁজ রয়েছে।