সন্ধ্যার আগেই শেষ হবে ডুবে যাওয়া ফেরি উদ্ধার কাজ
মানিকগঞ্জের পাটুরিয়ায় আংশিক ডুবে যাওয়া ফেরি শাহ আমানতের অধিকাংশই সোজা করা হয়েছে। উদ্ধার অভিযানের প্রধান বিআইডব্লিউটিএ যুগ্মপরিচালক (উদ্ধার) ফজলুর রহমান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, আজ সোমবার সন্ধ্যার আগেই উদ্ধার কাজ শেষ হবে।
বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ ৫টি উইন্সবার্জ দিয়ে আজ সকাল ১০টায় ফেরি সোজা করার কাজ শুরু করে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কাজের প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক অজয় দেবনাথ।
গত ৪ নভেম্বর সকাল থেকে জেনুইন এন্টারপ্রাইজের ডুবুরি দল ফেরির তলদেশ থেকে উদ্ধারের সার্ভে শুরু করে। পর্যায়ক্রমে চট্রগ্রাম থেকে ৬টি উইন্সবার্জ আনা হয় এবং উদ্ধার কাজ চালানো হয়।
গত ২৭ অক্টোবর পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে যানবাহন নিয়ে হেলে যায় রো রো ফেরি আমানত শাহ। এতে ফেরিটির আশিংক ডুবে যায়। এ ঘটনার চতুর্থ দিনে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম সবগুলো ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়। এরপর শুরু হয় ফেরির উদ্ধার কাজ।