সরাইলে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা‌ (ওসি) শাহজালাল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ দেলোয়ার হোসেন (৪৯) জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তিনি আখাউড়া উপজেলার রাণীখার সৈয়দ এমদাদুল বারী গাউছিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক ছিলেন।

ওসি শাহজালাল আলম জানান, কুট্টাপাড়া এলাকায় হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক ওই শিক্ষককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।