সাতক্ষীরায় বাসচাপায় পৌরসভার কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

যাত্রীবাহী বাসের চাপায় সাতক্ষীরা পৌরসভার মো. ওবায়দুল্লাহ (৫৮) নামের এক কর্মী নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল সোয়া ৮টার দিকে শহরতলীর বাইপাস সড়কের বকচরা ৪ রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়দুল্লাহ শহরের জজ কোর্ট সংলগ্ন পলাশপোল সরকারপাড়া এলাকার বাসিন্দা।

নিহতের ভাই লিয়াকত আলী জানান, ওবায়দুল্লাহ সাতক্ষীরা পৌরসভার কর্মী ছিলেন। তিনি আজ সকালে সীমান্তবর্তী ছনকা গ্রাম থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বকচরা মোড়ে বাইপাস সড়ক পার হওয়ার সময় যশোর থেকে সাতক্ষীরার দিকে আসতে থাকা মামুন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক দেব কুমার সাহা জানান, ওবায়দুল্লাহকে চাপা দেওয়া বাস ও তার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।