সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার এ দুর্ঘটনা ২টি ঘটে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় রাস্তা পাড় হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেল চাপায় সাকিল আহমেদ রাজু (৩২) নামের এক পথচারী নিহত হন। এ সময় মোটরসাইকেলটির ২ আরোহী গুরুতর আহত হন। তাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'এ ছাড়া রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় অজ্ঞাত পরিবহনের চাপায় রানা মিয়া (১৮) নামের এক পথচারীর নিহত হয়েছেন। পরিবহনটি শনাক্তের চেষ্টা চলছে।'

তিনি জানান, নিহত রাজু ডগরমোরা এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং রানা ঠাকুরগাঁও জেলার মহির উদ্দিনের ছেলে।

মরদেহ ২টি উদ্ধার করা হয়েছে এবং পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।