সাভারে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত, বাস আটক
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনায় ঘাতক বাসটিকে ধাওয়া করে আটক করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় সেনা শপিং কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
নিহত জামেলা বেগমের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থানার চরমা গ্রামে। তিনি গাজীপুর জেলার কোণাবাড়ি এলাকার এ্যাসটেক্স গার্মেন্টসের শ্রমিক ছিলেন।
ওসি বলেন, 'সকালে সেনা শপিং কমপ্লেক্সের সামনে সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন ওই নারী। এ সময় ঢাকাগামী ওসমান ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে হাইওয়ে পুলিশ বাসটিকে ধাওয়া করে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে আটক করতে সক্ষম হয়। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। মরদেহ ও ঘাতক বাসটিকে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।'
এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।