সায়দাবাদে বাসায় আগুন, দগ্ধ ৩
রাজধানীর সায়দাবাদ করাতিটোলা এলাকায় একটি বাসায় আগুন লেগে তিন জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- ওয়ার্কশপ কর্মী রাজু মিয়া (৬০), পরিবহন কর্মী শাহজাহান (৫৪) ও ঘড়ি মেরামতকারী জয়নাল মিয়া (৬১)।
ওই বাসার বাসিন্দা আলমগীর জানান, দগ্ধ তিন জন সায়দাবাদ করাতিটোলা এলাকার বাসায় একই কক্ষে থাকেন। তিনি থাকেন পাশের কক্ষে। গতকাল বুধবার রাত ২টার দিকে হঠাৎ চিৎকার শুনে ঘুম ভেঙ্গে যায় তার। এ সময় দগ্ধদের রুম থেকে ধোঁয়া বের হতে দেখেন তিনি।
পরে, ওই কক্ষে গিয়ে আগুন নিভানো হয়। কিন্তু, ততক্ষণে তিন জনের শরীর আগুনে ঝলসে যায়। পরে তাদের হাসপাতালে নিয়ে যান তিনি।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আইউব হোসেন বলেন, ‘জয়নালের শরীরের ৩৫ শতাংশ, শাহজাহানের ৪৫ শতাংশ ও রাজুর ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিন জনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।’
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা এখনো জানা যায়নি।’