সিরাজগঞ্জে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা, পাবনা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বনপাড়াগামী একটি ট্রাক মহিষলুটি এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ৩ জন ঘটনাস্থলেই মারা যান।

তবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় তিনি নিশ্চিত করতে পারেননি।

ওসি জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। কিন্তু এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়।