সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

নিজস্ব সংবাদদাতা, পাবনা

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ বুধবার সকালে সিরাজগঞ্জের উল্লপাড়া উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শ্রীকোল মোড়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলের রুবেল হোসেন (২৫) এবং একই এলাকার ভ্যানচালক ফিরোজ আলী (৪৫)।

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান আলী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার সকালে অটোভ্যানে যাত্রী নিয়ে মহাসড়কে যাওয়ার সময় শ্রীকোল এলাকায় পৌঁছালে পাবনাগামী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দু'জনের মৃত্যু হয়। এ ঘটনায় ভ্যানের আরও তিন যাত্রী আহত হয়েছেন।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।