সিরাজগঞ্জে বাসের ধাক্কায় নিহত ২

নিজস্ব সংবাদদাতা, পাবনা

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি গ্রামের মহাসড়কের বিন্নাদারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার বেড়া উপজেলার নাকালিয়া গ্রামের মো. আল-আমিন হোসেন (৪২) ও একই গ্রামের মো. মোস্তফা (৪৫)। তারা একটি মোটরসাইকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে পাবনার বেড়ার দিকে যাচ্ছিল।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ মাহমুদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'শাহজাদপুর থেকে মোটরসাইকেলে শুক্রবার দুপুর ১২টার দিকে দুজনে পাবনার বেড়ার দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি বিন্নাদারি এলাকায় এসে পৌঁছালে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়। আহত অবস্থায় মোস্তফাকে শাহজাদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।'