সিরাজগঞ্জে ব্রিজ থেকে বাস পড়ে নিহত ৪, আহত ১০

নিজস্ব সংবাদদাতা, পাবনা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গোজা এলাকায় ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের ২ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন নাটোরের বাগাতিপারার সত্যেন্দ্রনাথ প্রাং (৫৫) ও পাবনার চাটমোহর উপজেলার সুফিয়া বেগম।

দুপুর ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ২ জনের পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল পরিবহনের একটি বাস গোজা ব্রিজে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ব্রিজ থেকে ২০ ফুট নিচে পড়ে যায়।'

'এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

'নিহতরা সবাই বাসের যাত্রী' উল্লেখ করে তিনি আরও বলেন, নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।'