সিলেটে রাস্তায় দাঁড়ানো ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

নিজস্ব সংবাদদাতা, সিলেট

সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় ১ ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন।

আজ রোববার সকালে ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক।

নিহতরা হলেন, ট্রাকচালক গোলাপগঞ্জ জেলার কামরুল ইসলাম (৫০) ও সহকারী খুলনার সোনাডাঙার ইদ্রিস আলী (৪২)। তাদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের (তামাবিল) মাধ্যমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, 'রাস্তার পাশে ট্রাক রেখে তার সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন চালক ও সহকারী। এসময় পেছন থেকে আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে চাকার নিচে চাপা পড়ে দুজন ঘটনাস্থলেই মারা যান।'

পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকটি রেখে তার চালক পালিয়ে গেছেন জানিয়ে তিনি বলেন, 'ট্রাক দুটি হাইওয়ে পুলিশের দায়িত্বে হস্তান্তর করা হয়েছে এবং পালিয়ে যাওয়া চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।'