সীতাকুণ্ডে এসএল শিপ ব্রেকিং ইয়ার্ডে আহত নিরাপত্তাপ্রহরীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাট এলাকায় এসএল শিপ ব্রেকিং ইয়ার্ডে আহত এক নিরাপত্তাপ্রহরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক নির্মল ত্রিপুরা বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত নিরাপত্তাপ্রহরী রণবিক্রম ত্রিপুরা (২৩) খাগড়াছড়ির পানছড়ি উপজেলার খর্গপাড়া পেজগাং গ্রামের বাসিন্দা।

নির্মল ত্রিপুরা বলেন, 'সকাল ৮টার দিকে রণবিক্রম ত্রিপুরাকে একটি জাহাজের মধ্যে আহত অবস্থায় দেখতে পান ওই জাহাজের অপর এক নিরাপত্তাপ্রহরী। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকাকালে রণবিক্রমের শারীরিক অবস্থার অবনতি হয় এবং পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।'

ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে জানতে এসএল শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপক মো. কাউসারকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।