সড়ক দুর্ঘটনায় নোয়াখালী ও লক্ষ্মীপুরে নিহত ৪
নোয়াখালী ও লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে নোয়াখালীর হাতিয়ায় একটি পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ৩ জন নিহত হয়েছেন।
অপরদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাহবুবা সুলতানা নামে (২৪) এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ হাজীপুর শাহী জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মাহবুবা এ সময় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষে লক্ষ্মীপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন।
এ সময় তার সঙ্গে থাকা বাবা মাহবুব আলম ও সিএনজিচালক ফারুক গুরুতর আহত হয়েছেন।
তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত মাহবুবা উপজেলার আথাকরা গ্রামের বাসিন্দা। তার স্বামী সিঙ্গাপুর প্রবাসী এবং তিনি ২ সন্তানের মা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ হাজীপুর শাহী জামে মসজিদের সামনে মাহবুবাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহবুবা ঘটনাস্থলেই মারা যান।
মাহাবুবার দেবর ইয়াসিন আরাফাত দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকালে ভাবী তার বাবার সঙ্গে পরীক্ষা দিতে যান। দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই।'
জানতে চাইলে রামগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন ডেইলি স্টারকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নোয়াখালী
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ৩ জন নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার তমরদ্দি-ওছখালী বাজারের প্রধান সড়কের বেজুগোলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার তমরুদ্দি ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেলাল হোসেন (২৬), মো. রুবেল (২৫) ও দেলোয়ার হোসেন (১৫)।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে আছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।