হবিগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম।

তিনি জানান, ঘটনাস্থলেই ওই ৩ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আহত ৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে আন্দিউড়া থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিল। এসময় ঢাকা থেকে সিলেটগামী একটি বাস মহাসড়কের আন্দিউড়া এলাকায় অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী মারা যান।