হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৪ আরোহী নিহত
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৪ আরোহী নিহত হয়েছেন।
মাধবপুরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে আজ রোববার বিকেল ও সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নন্দিপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে ইফতেখার আলম, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া গ্রামের ডা. শাহজাহান মিয়ার ছেলে তারেকুজ্জামান, চুনারুঘাট উপজেলার হাজীপুর গ্রামের আব্দুল হকের ছেলে মোজাম্মেল হক ও কুমিল্লা জেলার বালিনা এলাকার গোপাল রায়ের ছেলে অজয় রায়।
মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোস্তাফা দ্য ডেইলি স্টারকে বলেন, 'সন্ধ্যায় সুরমা চা বাগান এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে ২টি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় একটির চালক মোজাম্মেল ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় অপর মোটরসাইকেলের যাত্রী অজয় রায়কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।'
এর আগে বিকালে একই সড়কের উত্তর সুরমা এলাকায় ২টি মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইফতেখার মারা যান। হাসপাতালে নেওয়ার পর তারেকুজ্জামানের মৃত্যু হয়।
পুলিশের পরিদর্শক গোলাম মোস্তফা জানান, নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছেন।