হাইমচরে টেবিল ফ্যানের তারে জড়িয়ে যুবকের মৃত্যু
চাঁদপুরের হাইমচরে টেবিল ফ্যানের তারে জড়িয়ে খোরশেদ বরকন্দাজ (৩৫) নামে যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া তার বড় ভাই কুদ্দুস বরকন্দাজ (৪০) বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে আহত কুদ্দুসকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিহত খোরশেদ বরকন্দাজ চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তায় পানের ব্যবসা করতেন।
জানা গেছে, কিছুদিন আগে খোরশেদের মা মারা যান। তার রুহের মাগফিরাত কামনায় বাড়ির লোকজন মিলে কোরান খতম ও দোয়া পড়ানোর জন্য প্যান্ডেল করেন। দোয়া শেষে প্যান্ডেলের কাপড় সরাতে গিয়ে পাশে থাকা টেবিল ফ্যান তার গায়ের ওপর পড়ে যায়। এ সময় তার বড় ভাই কুদ্দুস বরকন্দাজ এগিয়ে গেলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে তাদের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত বড় ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাইমচর থানা ওসির মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।