হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন।
তারা হলেন, নাসির হোসেন হাওলাদার (৩৮) ও মো. মাসুম (৩০)। পরিবার জানায়, নাসির পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন এবং মাসুম মাটি-বালুর ব্যবসায়ী।
গতকাল দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভোর সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে টিকাটুলীর 'রাজধানী সুপার মার্কেট' মসজিদ সংলগ্ন হানিফ ফ্লাইওভারের ওপর থেকে তাদেরকে উদ্ধার করা হয়। একটি মোটরসাইকেলসহ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন দুজন। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে অথবা অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তার আহত হয়ে থাকবেন। পরে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।