হাসেম ফুড কারখানায় আগুন: সিআইডির তদন্ত শুরু

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডে ৫১ জন নিহতের ঘটনায় মামলার তদন্তের দায়িত্ব নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিন চারটি কারণ ধরে নিয়ে তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছেন সিআইডির ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।
শনিবার দুপুরে উপজেলার কর্ণগোপ এলাকায় কারখানাটি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এর আগে তারা কারখানাটি ঘুরে দেখেন এবং কারখানার কর্মকর্তা, ফায়ার সার্ভিসসহ অনেকের সঙ্গে কথা বলেন। 
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) ইমাম হোসেন বলেছেন, ‘দায়িত্ব গ্রহণের পর আজকেই আমরা পিও ভিজিট করলাম। ভিজিটে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত, স্বাক্ষ্য ও প্রমাণ যা বলেন সবই দেখেছি। আজকে থেকেই আমরা তদন্ত কাজ শুরু করলাম। আমাদের তদন্ত কার্যক্রমের জন্য তদন্তকারী কর্মকর্তা মাঠ পর্যায়ে কীভাবে কাজ করবেন, আমি ও আমার সিনিয়র অন্যান্য কর্মকর্তারা তাকে ১০টা পয়েন্টের একটি নির্দেশনা দিয়েছি। যে গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি সেগুলোও তাকে দেওয়া হয়েছে। এসব কিছুর আলোকে তিনি কাজ করবেন। আমরা আশা করি যত দ্রুত সম্ভব এর সুরাহা করতে পারবো।
তিনি বলন, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজি আমাদের নির্দেশনা দিয়েছেন যতদ্রুত সম্ভব একটি সঠিক ও সর্বজন গ্রহণযোগ্য এবং যৌক্তিক তদন্ত শেষ করতে। যত তাড়াতাড়ি পারি আমরা তদন্ত কাজ শেষ করবো। আমরা সবার সহযোগিতা চাই। অনেকের কাছে অনেক কিছু থাকতে পারে যেমন ভিডিও ফুটেজ কিংবা কোনো তথ্য থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এ দুর্ঘটনার সম্ভব্য তিন চারটা কারণ আমরা ধরে নিয়েছি। সেগুলো ধরেই আমরা কাজ করবো। এ তিন চারটি কারণের মধ্যেই দুর্ঘটনার কারণ আছে। কেন এবং কারা দায়ী তা বের হয়ে আসবে। প্রথম অবস্থায় কারণগুলো বলা যাচ্ছে না। এটি একটি বড় ঘটনা এর জন্য কোয়ালিটি তদন্ত করতে সময় দিতে হবে।’
মৃত্যুর সংখ্যা নিয়ে গড়মিল প্রশ্নে তিনি বলেন, ‘তদন্ত শেষ বের হয়ে আসবে। ডিএনএ পরীক্ষা শেষে গড়মিল থাকার সুযোগ নেই।’