১২ দিন পর উদ্ধার ফেরি আমানত শাহ, চলছে মেরামত

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জের পাটুরিয়ায় হেলে যাওয়া ফেরি আমানত শাহ ১২ দিন উদ্ধার করা সম্ভব হলেও ফেরিটি এই মুহূর্তে চালানো যাচ্ছে না। কারণ, ফেরির ভেতর থেকে পানি, কাদা-মাটি অপসারণ করা হচ্ছে। এছাড়া, কোথাও ছিদ্র আছে কিনা তা দেখে খুঁজে বের করার কাজ চলছে।

আজ সোমবার বিকেলে উদ্ধার অভিযানের প্রধান বিআইডব্লিউটিএ'র যুগ্মপরিচালক (উদ্ধার) ফজলুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সন্ধ্যার আগেই ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হবে। ফেরিতে ২৫টি ছিদ্র পাওয়া গেছে। সেগুলো ইতোমধ্যে মেরামত করা হয়েছে। আর কোনো ছিদ্র আছে কিনা তার অনুসন্ধান চলছে। আশা করছি উদ্ধার হওয়া ফেরি আগামীকাল দুপুর থেকে ভাসানো যাবে এবং একটি নিরাপদ জায়গায় রাখা হবে।

আজ সকাল ১০টায় বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজের ৫টি উইন্সবার্জ ফেরি উদ্ধারের কাজ শুরু হয়।

গত ৪ নভেম্বর সকাল থেকে জেনুইন কোম্পানির ডুবুরি দল ফেরির তলদেশ থেকে উদ্ধারের সার্ভে কাজ শুরু করে। পর্যায়ক্রমে চট্টগ্রাম থেকে ছয়টি উইন্সবার্জ আনা হয় এবং উদ্ধার কাজ চালানো হয়।

গত ২৭ অক্টোবর ১৮টি গাড়ী নিয়ে পাটুরিয়া ৫নং ঘাটে হেলে যায় রো রো ফেরি আমানত শাহ। এর ৪ দিন পর উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম সবগুলো ট্রাক ও মোটরসাইকেল উদ্ধারে সক্ষম হয়। এরপর শুরু হয় ফেরি উদ্ধার কাজ।া