১২-১৩ জন নাবিকসহ বঙ্গোপসাগরে কয়লাবোঝাই লাইটার জাহাজডুবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বঙ্গোপসাগরে ১২-১৩ জন নাবিক নিয়ে কয়লাবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। আজ শনিবার ভোররাত ৫টা থেকে ৬টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক (চট্টগ্রাম জোন) মো. সেলিম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আজ ভোররাত ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে মাদার ভেসেল মানালাগি তিসিয়া থেকে আনুমানিক ৮০০-৯০০ টন কয়লাবোঝাই করে সজল তনয়-২ নামের লাইটার জাহাজটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সেসময় সাগর খুব উত্তাল ছিল। আনুমানিক ৫টা থেকে ৬টার দিকে ভাসনচর থেকে ৮-৯ নটিক্যাল মাইল দূরে ঠেঙ্গারচরের কাছে এসে জাহাজটি চরে ধাক্কা লেগে ডুবে যায়।'

ডুবে যাওয়া জাহাজটিতে ১২-১৩ জন নাবিক ছিল বলেও জানান তিনি।

মো. সেলিম বলেন, 'এ ঘটনার খবর পেয়ে আমরা কোস্টগার্ডকে জানাই। ইতোমধ্যে জাহাজটিকে উদ্ধারে ভাসানচর থেকে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে।'

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।