২ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকার শেওড়া ও আশুলিয়া এবং রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে পৃথক ৩ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে সাভারের আশুলিয়ায় কাভার্ড ভ্যানচাপায় রিপন মিয়া (৩৬) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

বুধবার ভোররাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় এই দুর্ঘটনা বলে জানান আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল আলম।

নিহত রিপন পাবনা জেলার ফরিদপুর থানার মৃত গোলাম মোস্তফার ছেলে। তিনি আশুলিয়ার গৌরীপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

এসআই ফরিদুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভোর বেলা ভ্যান চালিয়ে বাইপাইলের দিকে যাচ্ছিলেন রিপন। সে সময় নরসিংপুর এলাকায় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।'

রিপনকে চাপা দেওয়া কাভার্ডভ্যানটি এখনও জব্দ করা যায়নি। পুলিশ জানায়, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে রিপনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন শেওড়া ফুটওভার ব্রিজের পাশে মটরসাইকেলের ধাক্কায় আমিনুল ইসলাম (২৮) নামের এক বাইসাইকেল আরোহী আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে এক পথচারীর বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ডেইলি স্টারকে জানান, শেওড়া ফুটওভার ব্রিজ সংলগ্ন সড়কে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। তখন একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ছিটকে পড়ে গেলে আরেকটি সিএনজির অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হযন তিনি। পরে পথচারীরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় তাকে।

এ ছাড়া বুধবার ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গোহাইলবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহনাজ আক্তার নামের এক নারী নিহত ও ৩ জন আহত হয়েছেন।

নিহত শাহনাজ একই উপজেলার ধোপপাড়া পদমদী গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃত করে দুর্ঘটনার বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিকুজ্জামান বলেন, শাহনাজসহ আরও তিন আরোহীকে নিয়ে একটি থ্রি হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে শাহনাজ আক্তার ঘটনাস্থলেই নিহত হন। আহত ৩ জনের মধ্যে ২ জনকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ থ্রি হুইলারটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।