৪ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭
দেশের তিন জেলায় রাজবাড়ী, ফরিদপুর, কুমিল্লা ও বরিশালে ঈদের আগের দিন সড়ক দুর্ঘনায় সাত জন নিহত হয়েছেন।
এর মধ্যে রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ি-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা বাসষ্ট্যান্ড এলাকায় একটি ট্রাক ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- ইসহাক প্রামাণিক (৩৫), তার মেয়ে শিখা (১৪) ও ছেলে আব্দুল মালেক (৫)। তারা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় একই পরিবারের তিন জন মারা গেছেন। ঘাতক গাড়িটিকে এখনও জব্দ করা সম্ভব হয়নি।
এদিকে আজ মঙ্গলকার সকাল সাড়ে নয়টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের বড়পুকুরিয়ায় বিআরটিসি বাসের বেপরোয়া গতির আঘাতে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা হাওইয়ে পুলিশ মিরপুর থানার ভারপ্রাপ্ত করমকরতা পরিদর্শক মৃদুল কান্তি। তিনি জানান, নিহত আসমা আক্তার (২৩) দেবিদ্বার উপজেলার নবীপুর এলাকার আব্দুর রহিমের মেয়ে। দুর্ঘটনায় আহত সিএনজি চালকসহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় নেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশ বিআরটিসি বাস ও চালককে আটক করেছে।
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী বাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মোটরসাইকোল চালকের নাম মো. শাহীন হাওলাদার (৩৩)। তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পূর্ব চাঁদকাঠি গ্রামের হানিফ হাওলাদারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, মো. শাহীন সাভার এলাকায় একটি পোশাক শিল্প কারখানায় চাকরি করেন। ঈদের ছুটিতে তিনি তার এক সহকর্মীকে নিয়ে একটি মোটরসাইকেল করে ঈদ করতে বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
বরিশালের গৌরনদীতে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়েল মৃত্যু হয়েছে। নিহতরা- হলেন কামরুল হাসান কুরি ও হোসেন ভুইয়া। তারা উভয়ে পরস্পরের খালাত ভাই।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুব ইসলাম জানান, ঈদের ছুটিতে ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। মঙ্গলবার সকাল নয়টার দিকে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার বাইচখোলা পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
হাইওয়ে ওসি জানান, মরদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।