৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ চালু

নিজস্ব সংবাদদাতা, পাবনা

সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী একটি মালবাহী ট্রেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ রেল স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়ে গেলে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর ৬ ঘণ্টা পর রাত ১০টার দিকে রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়লে ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেলওয়ে পাকশী বিভাগীয় সহকারী প্রকৌশলী শিপন আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মালবাহী ট্রেনটি ভাঙ্গুড়ার বড়ালব্রিজ রেল স্টেশন এলাকায় পৌঁছালে বিকট শব্দে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এর মধ্যে একটি বগি কাত হয়ে যায়। অপর বগির চাকার পাশে থাকা স্প্রিং ভেঙে যায়।'

তিনি আরও বলেন, 'বগি লাইনচ্যুত হওয়ার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর সন্ধ্যা ৬টার দিকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে রাত ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।