কামরাঙ্গীরচরে বিস্ফোরণ: শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আরও ১ জনের মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানবাগ সিলেটিবাজার এলাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মতিন (৪০) নামে একজন মারা গেছেন। গতকাল তার স্ত্রী ময়না মারা গেছেন। আব্দুল মতিনের শরীরের ৯২ শতাংশ দগ্ধ ছিল। তাদের দুই মেয়ে আয়শা ৪৬ শতাংশ ও মায়শা ৪২ শতাংশ দগ্ধ নিয়ে এখনো চিকিৎসাধীন। তাদের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।’

গতকাল ভোর ৪টার দিকে সিলেটিবাজার এলাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণে একই পরিবারের পাঁচ জন দগ্ধ হন। এরা হলেন, আব্দুল মতিন (৪০), তার স্ত্রী ইয়াসমিন আক্তার ময়না (৩৫), তাদের দুই মেয়ে আয়শা (৫) ও মাইশা (৯) এবং ইয়াসমিনের ভাগনে আবুল খায়ের রায়হান (২৫)।

রায়হান একটি প্রতিষ্ঠানে জুনিয়র ওয়েব ডিজাইনার হিসেবে চাকরি করেন। তিনি বলেন, গতকাল ভোরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে, গায়ে আগুন ধরে যায়। মতিন প্রতিদিন বাসাতেই অটোরিকশা চার্জ করতেন। সম্ভবত চার্জার বিস্ফোরণে থেকে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন
কামরাঙ্গীরচরে বিস্ফোরণ: ২ শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫