গুলশান চেকপোস্টে গাড়ির ধাক্কায় আহত এএসআইয়ের মৃত্যু
গুলশান চেকপোস্টে দায়িত্ব পালনকালে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া আজ সকালে রাজধানীর একটি হাসাপাতালে মারা গেছেন।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকাল ১১টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে মারা যান লিটন মিয়া। তিনি গুলশান থানার এএসআই হিসেবে কর্তরত ছিলেন।’
গত ৪ জুলাই দুপুর ১টার দিকে চেকপোস্টে দায়িত্ব পালনকালে দুর্ঘটনার শিকার হন লিটন মিয়া।
ওসি আবু হাসান বলেন, ‘তিনি একটি প্রাইভেটকারটিকে থামার জন্য সিগনাল দিলে সেটির চালক না থামিয়ে লিটন মিয়াকে আঘাত করে প্রায় এক কিলোমিটার পথ গাড়ির সঙ্গে টেনে নিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’
এ ঘটনায় পুলিশ প্রাইভেট কারটির চালককে আটক ও গাড়িটি জব্দ করেছে।
লিটন মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এছাড়া গতকাল রাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় লতিফুর রহমান (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তবে তাকে আঘাত করা গাড়িটি শনাক্ত করা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তিনি হাইকোর্ট এলাকায় কর্মরত ছিলেন।