৬ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ শিশু-কিশোর
গত ছয় মাসে দেশে সড়ক সুর্ঘটনায় ৪১৮ জন শিশু-কিশোর প্রাণ হারিয়েছে। এদের মধ্যে যানবাহনের যাত্রী হিসেবে ২১১ জন এবং পথচারী হিসেবে দুর্ঘটনায় পড়ে নিহত হয়েছে ২০৭ জন শিশু-কিশোর।
আজ ‘মিরসরাই ট্র্যাজেডি দিবস’ এর দশম বার্ষিকীতে রোড সেফটি ফাউন্ডেসন সড়ক দুর্ঘটনায় হতাহত শিশু কিশোরদের ব্যাপারে এই তথ্য প্রকাশ করেছে।
২০১১ সালের এই দিনে চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে শিক্ষার্থীরা একটি ট্রাকে বাড়ি ফেরার পথে মিরসরাইয়ে আবু তোরাব সড়কে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবার মধ্যে উল্টে যায়। এতে ৪৪ জন শিক্ষার্থী এবং একজন অভিভাবক মোট ৪৫ জন নিহত হন।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, গত ছয় মাসে সড়ক দুর্ঘটনায় নিহত শিশু-কিশোরদের মধ্যে শিক্ষার্থী ৩৪১, শিশু শ্রমিক ৫৮ এবং ছিন্নমূল ১৯ জন।
মিরসরাই ট্র্যাজেডি প্রসঙ্গে সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যার ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আব্দুল হামিদ শরীফ, মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী, অধ্যাপক হাসিনা বেগম এবং নির্বাহী পরিচালক সাইদুর রহমান এক যুক্ত বিবৃতিতে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একসাথে এতজন শিক্ষার্থী নিহতের ঘটনা দেশে নজিরবিহীন এবং অত্যন্ত হৃদয়বিদারক। ট্রাক চালকের অদক্ষতা এবং মোবাইল ফোনে কথা বলার কারণে সংঘটিত দুর্ঘটনায় সন্তান হারিয়ে পিতা-মাতার যে স্বপ্নভঙ্গ হয়েছে, যে বুকভাঙ্গা কষ্ট সইতে হচ্ছে সেজন্য হলেও দিবসটি জাতীয়ভাবে উদযাপন করা উচিত। আমরা এই দিনটিকে “জাতীয় নিরাপদ সড়ক দিবস” করারও পক্ষপাতি। কারণ মৃত্যু এবং সংখ্যার বিচারে দিনটি খুবই গুরুত্বপূর্ণ।’