রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় গাড়িচালক নিহত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক ইলিয়াস ঢালি (৫০) নিহত হয়েছেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক হারুন-উর-রশিদ জানান, রোববার রাতে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হলে সাড়ে ১১টার দিকে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি ইলিয়াসের সাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

প্রথমে কয়েকজন রিকশাচালক তাকে একটি বেসরকারি হাসপাতালে নেন। পরবর্তীতে ঢাকা মেডিকেলে স্থানান্তরিত করা হলে রাত ৩টার দিকে চিকিৎসকরা ইলিয়াসকে মৃত ঘোষণা করেন বলে জানান হারুন-উর-রশিদ।

ময়নাতদন্তের জন্য ইলিয়াসের মরদেহ ঢামেক মর্গে নেওয়া হয়েছে। ইলিয়াস বাড্ডার আলফাতুননেসা স্কুলের পাশে তার পরিবারের সঙ্গে থাকতেন। পুলিশ অজ্ঞাত গাড়িটি খুঁজে বের করার চেষ্টা করছে।