ফুলবাড়ী সীমান্তে ৫ জনকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ
দিল্লিতে ইটভাটায় কাজ শেষে বাড়ি ফেরার সময় আটক নারী-শিশুসহ পাঁচ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
গতকাল শনিবার বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্তের আন্তর্জাতিক ৯৪২ নম্বর মেইন পিলারের কাছে পতাকা বৈঠক শেষে সন্ধ্যায় আটক ব্যক্তিদের হস্তান্তর করা হয়।
পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ধাপড়াহাট ১৯২ ব্যাটালিয়ন বিএসএফ'র ইন্সপেক্টর বিবেক মিলা আটক পাঁচ বাংলাদেশিকে লালমনিরহাট ১৫ বিজিবি কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রমজান আলীর কাছে হস্তান্তর করেন।
পরে, রাতে বিজিবি সদস্যরা তাদেরকে পুলবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। তাদের মধ্যে দুই শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাকি তিন জনের বিরুদ্ধে পাসপোর্টে ও অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়েছে বিজিবি।
বিজিবি'র কাছে হস্তান্তর করা বাংলাদেশিরা হলেন— ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল কামালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আবুল কালাম (২৫), তার স্ত্রী শাহনাজ বেগম (২২) ও ছেলে শাহজালাল (৫) এবং জকারহাট আমতলা গ্রামের ওমেদ আলীর স্ত্রী নুরজাহান বেগম (৩৫) তার ছেলে নুর ইসলাম (৭)।
হস্তান্তরের পর আবুল কালাম (২৫) সাংবাদিকদের জানান, তারা দীর্ঘদিন ধরে দিল্লিতে ইটভাটায় কাজ করতেন। সেখান থেকে বাড়ি আসার জন্য বেশ কয়েকদিন সীমান্তে অবস্থান করেছেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কঠোর নজরদারির কারণে তারা দালালের মাধ্যমে সীমান্ত অতিক্রম করতে পারেননি।
তিনি আরও জানান, গতকাল সকালে ধাপড়াহাট ক্যাম্পের বিএসএফ সদস্যদের কাছে স্বেচ্ছায় ধরা দিলে বিএসএফ সদস্যরা তাদের বিজিবির কাছে হস্তান্তর করেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রমজান আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যরা পাঁচ বাংলাদেশিকে হস্তান্তর করেছেন। আমরা রাতেই তাদেরকে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছি। তাদের মধ্যে তিন জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।'
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ডেইলি স্টারকে বলেন, 'পাঁচ জনের মধ্যে দুই শিশুকে আইনগতভাবে অভিভাবকদের জিম্মায় রাখা হয়েছে। অপর তিন জনের বিরুদ্ধে বিজিবি'র দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।'