বিদ্যালয়ের মাঠে তামাকের হাট, শহীদ বেদীতেও চলে বেচাকেনা
লালমনিরহাট সদর উপজেলার দুড়াকুটি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতি বছরের মতো এবারও বসানো হয়েছে তামাকের হাট। বিদ্যালয় প্রাঙ্গণের পাশাপাশি স্কুলমাঠে স্থাপিত শহীদ মিনারের বেদীতেও চলছে তামাক বেচাকেনা।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রতি বছরের মার্চ-এপ্রিল মাসে তামাকের মৌসুমে দুড়াকুটি প্রাথমিক বিদ্যালয় মাঠে তামাকের এই হাট বসে। সপ্তাহের শনি ও মঙ্গলবার ভোর থেকে শুরু হয়ে হাটের কার্যক্রম চলে সকাল ১০টা পর্যন্ত।
হাট সংশ্লিষ্টরা বলছেন, প্রতি হাটে এখানে ৫০০ থেকে ৬০০ মন তামাকপাতা বেচাকেনা হয়। হাটের ইজারাদার প্রতি মন তামাক বিক্রির ক্ষেত্রে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত টোল নিয়ে থাকেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, স্কুলের কার্যক্রম শুরুর আগে হাট শেষ হলেও তাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। কারণ বাতাসে তামাকের দুর্গন্ধ থেকে যায়। এই দুর্গন্ধ সহ্য করতে পারে না তারা।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্কুল মাঠের পাশাপাশি শহীদ মিনারে তামাক বেচাকেনার বিষয়টি খুবই বেদনাদায়ক। এখান থেকে তামাকের হাট সরানোর জন্য অনেকদিন ধরেই চেষ্টা চলছে। এ ব্যাপারে হাট কমিটিকে সতর্ক করা হয়েছে বারবার। কিন্তু তাতে কাজ হয়নি।'
একই কথা বলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আশরাফ আলী।
এ ব্যাপারে হাট কমিটির সভাপতি নূর ইসলামের ভাষ্য, জায়গা সঙ্কটের কারণে এখানে তামাকের হাট বসাতে বাধ্য হন তারা। তবে ক্লাস শুরুর আগেই হাট শেষ হয়ে যায়। এখানে হাট বসানোর জন্য হাট কমিটির পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষকেও আর্থিক সহায়তা দেওয়া হয়।
আর শহীদ বেদীতে হাচের কার্যক্রম চালানোর ব্যাপারে নূর ইসলামের বক্তব্য, 'কিছু ব্যবসায়ী না বুঝেই শহীদ বেদীতে তামাক বেচাকেনা করেন। তাদের এ ব্যাপারে সতর্ক করা হবে।'
এদিকে বিদ্যালয়ের মাঠ থেকে হাট সরিয়ে না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী ডেইলি স্টারকে বলেন, 'অনতিবিলম্বে ওই বিদ্যালয় থেকে হাট সরিয়ে দেওয়ার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।'
লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা মাসুমও এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এর আগে গত ১৪ মার্চ দ্য ডেইলি স্টারে প্রকাশিত 'School ground turns tobacco drying field' শিরোনামের প্রতিবেদনের ভিত্তিতে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে তামাক পাতা শুকানো ও প্রক্রিয়াজাত বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। সংবাদটি দ্য ডেইলি স্টার অনলাইনে 'স্কুলমাঠে তামাক, বাতাসে দুর্গন্ধ, ক্লাসরুমে আটকে শিক্ষার্থীরা' শিরোনামে প্রকাশিত হয়।