আগামী নির্বাচনে দাঁড়াবার সুযোগও পাবেন না: ওবায়দুল কাদেরকে কাদের মির্জা
আগামী নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাঁড়াবার সুযোগও পাবেন না বলে মন্তব্য করেছেন তার ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।
আজ শুক্রবার সকাল ৯টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ মন্তব্য করেন।
এ সময় কাদের মির্জা বলেন, 'মন্ত্রী বলে তাদের সঙ্গে আমার ৬ মাসেও দেখা হয়নি, ১ বছরেও দেখা হয়নি। আপনের খবর সবাই জানে। আপনার সকল তথ্য আমার কাছে আছে। ধমকি দিয়েন না। আমি জায়গা মতো পৌঁছাবো'
ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আপনি কী মনে করছেন? বুড়াকালে কি ভীমরতি হয়েছে? এগুলো করলে এখানে কোম্পানীগঞ্জের মানুষ আপনার কবর রচনা করবে আগামী নির্বাচনে। আগামী নির্বাচনে দাঁড়াবার সুযোগও পাবেন না। আপনার কবিরহাটেও আমরা অনুরূপ পরিবেশ সৃষ্টি করব। এগুলোর জবাব পরবর্তী নির্বাচনে আপনাকে দিতে হবে। পার পাওয়ার সুযোগ নেই।'
ফেসবুক লাইভে বসুরহাট পৌরসভা মেয়র কাদের মির্জা বলেন, 'পুলিশের প্রতি অনুরোধ আপনারা সরকারি সম্পত্তি উদ্ধার অভিযানে বাঁধা সৃষ্টি করবেন না কারো টাকা খেয়ে। এগুলো বন্ধ করেন, নিরপেক্ষ থাকেন। নোয়াখালী জেলার পুলিশ সুপার সাহেব ও কোম্পানিগঞ্জ থানার ওসি সাহেব কত টাকা খেয়ে বলেন সব উপরের নির্দেশ। উপরে কি ওবায়দুল কাদের নির্দেশ দিয়েছেন? দিতে পারে। উনি তো সারাদিন মিথ্যা কথা বলেন। আর, তার স্ত্রীর নির্দেশে আজকে পুলিশ অবৈধ খালের জায়গা দখলের পথে বাঁধা সৃষ্টি করছে।'
কাদের মির্জা বলেন, 'আজকে কোম্পানীগঞ্জে যে অবস্থা চলছে এটা থেকে আমাদেরকে নিষ্কৃতি পাওয়ার জন্য আন্দোলনের বিকল্প নেই। আন্দোলন করে আমাদের অধিকার আদায় করতে হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান সভাপতি ও সাধারণ সম্পাদক নুর নবীকে দল থেকে অনেক আগেই রেজুলেশন করে বহিষ্কার করা হয়েছে। এর আগে, বাদলকে বিতাড়িত করা হয়েছে সর্বসম্মতিক্রমে।'
তার ভাগ্নে জনতা ব্যাংক চৌমুহনী শাখার প্রিন্সিপাল অফিসার ফখরুল ইসলাম রাহাতকে দুর্নীতিবাজ উল্লেখ করে কাদের মির্জা বলেন, 'সে ব্যাংকের ৩ কোটি টাকা আত্মসাৎ করেছে। এ ঘটনায় মামলা হলেও, মন্ত্রীর ভাগ্নে বলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।'