আশুলিয়ায় আ. লীগের পদ হারালেন ৬ বিদ্রোহী প্রার্থী

নিজস্ব সংবাদদাতা, সাভার 

ঢাকার সাভারে আশুলিয়ায় দলীয় শৃঙ্খলা ভেঙে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে পদচ্যুত করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় জরুরি সভায় ঢাকা জেলা, উপজেলা ও আশুলিয়া থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত নেন।

আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই ৬ জন হলেন-পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, শিমুলিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাইদুল্লাহ মাস্টার, আশুলিয়া শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ ও থানা যুবলীগের সদস্য মো. সজীব।

ফারুক হাসান তুহিন মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা তাদের পদ থেকে অব্যাহতি দিয়েছি। সেই শূন্য পদে গঠনতন্ত্র অনুযায়ী যারা দায়িত্ব পান, তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।'

'মূলত দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে, যা রেজ্যুলেশন আকারে কেন্দ্রে পাঠানো হয়েছে,' বলেন তিনি।