এই র্যালি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার: মির্জা ফখরুল
বিজয়ের সুবর্ণজয়ন্তীর শোভাযাত্রাকে বাংলাদেশে 'গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শুভ সূচনা' বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার বিকেলে বিজয় র্যালি শুরুর আগের সমাবেশে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
তিনি বলেন, 'আজকের এই র্যালি বাংলাদেশের জনগণের নতুন করে জেগে উঠবার র্যালি, আজকের এই র্যালি বাংলাদেশের জনগণের সংগ্রাম করা শুরু করার র্যালি, আজকের এই র্যালি হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবার র্যালি।'
সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, 'আজকে ৫০ বছর পরে আমরা দেখছি একটি সরকার জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করে আছে। তারা ১৯৭১ সালের সমস্ত আশা-আকাঙ্ক্ষা-চেতনা ধ্বংস করে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করতে গোটা জাতির উপরে নির্যাতন-নিপীড়নের স্টিমরোলার চালিয়ে যাচ্ছে।'
'তারা একে একে আমাদের অর্জিত সমস্ত কিছু, আমাদের সার্বভৌমত্ব ধ্বংস করেছে, আমাদের স্বাধীনতা ধ্বংস করেছে, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের লেখার অধিকার কেড়ে নিয়েছে, আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে।'
মির্জা ফখরুল সমাবেশে উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন 'আজকের এই র্যালির মধ্য দিয়ে আমরা সেই শুভ সূচনা করি, যে সূচনার মধ্য দিয়ে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারব, তার আমরা সুচিকিৎসার ব্যবস্থা করতে পারব। একই সঙ্গে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যিনি ১৯৭১ সালে শিশু মুক্তিযোদ্ধা ছিলেন তাকে নির্বাসিত জীবন থেকে দেশে ফিরিয়ে এনে আমরা এখানে আমাদের নেতৃত্বে বসাতে পারব এবং আমাদের ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা রয়েছে তাকে প্রত্যাহার করিয়ে দেশে গণতন্ত্রকে মুক্ত করে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারব, সত্যিকার অর্থেই আমরা আমাদের মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারব।'
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কথা স্মরণ করে তিনি বলেন, 'তার ঘোষণার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, তার ঘোষণার মধ্য দিয়ে এ দেশের সমস্ত মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। রাষ্ট্রপতি হয়ে তিনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে নয় বছর সংগ্রাম করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন এবং সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন তাকে এই সরকার ধ্বংস করে দিয়েছে।'
বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, 'আমরা ভারাক্রান্ত হৃদয়ে উপস্থিত হয়েছি যখন আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আজীবন সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য তিনি আজকে এই সরকারের মিথ্যা মামলায় কারাগারে আটক থাকা অবস্থায় অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন।'