কুমিল্লা আ. লীগের বর্ষীয়ান নেতা আফজল খান মারা গেছেন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা, কুমিল্লা জেলা ১৪ দলীয় জোটের আহ্বায়ক, বিশিষ্ট শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা, অধ্যক্ষ আফজল খান এডভোকেট মারা গেছেন।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। 

তার বড় মেয়ে আঞ্জুম সুলতানা সীমা সংরক্ষিত মহিলা আসনের সংসদসদস্য দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল বুধবার বাদ যোহর কুমিল্লা টাউনহল মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

অধ্যক্ষ এডভোকেট আফজল খান স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, অধ্যক্ষ এড. আফজল খান কুমিল্লার প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষা অনুরাগী ও বিশিষ্ট সমাজ সেবক। বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে জানার সুযোগ হয়েছে তার। তিনি ১৯৬৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ভিপি নির্বাচিত হন। বঙ্গবন্ধুর নির্দেশে আফজল খান ৬৯ এর গণ আন্দোলন ও ৭১-এ মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। ১৯৮৮ সালে তিনি কুমিল্লা সদর উপজলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং এবং আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ সময়কালে সমবায় ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হন।

বঙ্গবন্ধুর সান্নিধ্য পাওয়া এই রাজনীতিক জীবনে আওয়ামীলীগের দুঃসময়ে অনেক জেল জুলুম হুলিয়া খেটেছেন। তিনি প্রায় দুই ডজনের বেশি সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।

আফজল খান ১৯৪৫ সালের ১০ ফেব্রুয়ারি কুমিল্লা নগরীর গোবিন্দপুর খান বাড়িতে জন্মগ্রহন করেন। তার পিতা মৃত সাদেক আলী খান ও মাতা মৃত বেগম শাজেদা খানম। আফজল খান ও তার স্ত্রী নার্গিস সুলতানা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তার বড় মেয়ে আঞ্জুম সুলতানা সীমা সংরক্ষিত মহিলা আসনের সংসদসদস্য এবং বড় ছেলে মাসুদ পারফেজ খান ইমরান এফবিসিসিআই এর পরিচালক।