খালেদা জিয়ার জন্য বিএনপি বিদেশ থেকে ডাক্তার আনতে পারে: আইনমন্ত্রী
বিএনপি ও তার পরিবারের সদস্যরা চাইলে খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনতে পারে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ শনিবার আইনমন্ত্রী তার বাসা থেকে নির্বাচনী এলাকা আখাউড়ার একটি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, এটা (খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো) আইনের ব্যাপার। মানবিকতার দৃষ্টান্ত হিসেবে আইনত যা করা সম্ভব প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা খালেদা জিয়ার জন্য করেছেন। ভুললে চলবে না, বাংলাদেশের আদালতে তিনি সাজাপ্রাপ্ত। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তিকে যে সুবিধা দেওয়া প্রয়োজন তাকে সেটা দেওয়া হয়েছে।
আইনমন্ত্রী বলেন, যদি তারা (বিএনপি ও খালেদা জিয়ার পরিবার) মনে করে খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে ডাক্তার আনতে হবে, তারা বিদেশ থেকেও ডাক্তার আনতে পারে। যত বড় ডাক্তার তারা আনতে চায় তারা আনতে পারে। সেখানে সরকার কোনো বাধা দেবে না। কিন্তু এটাও তাদের মনে রাখতে হবে, দেশের আইনে যা আছে তার বাইরে গিয়ে সরকার কিছু করতে পারবে না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করছেন দলের নেতা-কর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দিনব্যাপী এই কর্মসূচি শুরু হয়।
বিএনপির ডাকা গণঅনশন কর্মসূচি আজ বিকেল ৪টা পর্যন্ত চলে।
কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারা দেশে বিএনপি নেতা-কর্মীরা আজ দিনব্যাপী গণঅনশন কর্মসূচি পালন করছেন।