খুলনায় গণঅনশন কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, খুলনা

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে ডাকা গণঅনশন কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ তুলেছেন খুলনা বিএনপির নেতা-কর্মীরা।

নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, পুলিশি বাধায় তারা নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে বসতে পারেননি।

আজ শনিবার দুপুরে দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, সকাল ৯টার আগেই বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নেয়। গণঅনশন কর্মসূচিতে অংশ নিতে আসা নেতা-কর্মীদের তারা রাস্তা থেকে তুলে দেয়। এ নিয়ে আমার সঙ্গে কথা কাটাকাটি হয়।

bnp_khulna1_20nov21.jpg
ছবি: স্টার

মঞ্জু বলেন, পুলিশ ব্যাপক তাণ্ডব চালিয়েছে। কর্মসূচিতে পুলিশ হামলা করে আমাদের ব্যানার ছিনিয়ে নিয়েছে, ধাওয়া করেছে। ২ জন কর্মীকে গ্রেপ্তার করেছে। পুলিশি তাণ্ডবে আমরা কর্মসূচি পালন করতে পারিনি। এটি ছিল মানবিক কর্মসূচি, গণঅনশন। এই গণঅনশনে এই যে তাণ্ডব, আমরা এর নিন্দা জানাই।

তিনি বলেন, আমরা আশা করেছিলাম পুলিশ হিংস্র আচরণ থেকে সরে যাবে, যেহেতু মানবিক কর্মসূচি— আমাদের নেত্রীর সুচিকিৎসার দাবিতে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রামে কর্মসূচি পালিত হচ্ছে। খুলনার পুলিশ কমিশনার আমাদের প্রোগ্রাম করতে দেয়নি। আমরা এই পুলিশ কমিশনারের অপসারণ চাই। তারা রাজনৈতিক কর্মসূচি পালনে বিএনপিকে বাধা দেয় অথচ এটা আমাদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। নিবন্ধিত দল হিসেবে বিনা বাধায় আমরা কর্মসূচি পালন করতে চাই।

খুলনা পুলিশ কোনো পরিবার ও সরকারকে খুশি করতে যেয়ে, নিজেদের পদ-পদবির জন্য লালায়িত হয়ে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিয়েছে। আমরা এর নিন্দা জানাই। আমরা রাজনৈতিক কার্যালয়ের দোতলায় অনশন কর্মসূচি পালন করছি। বিকেল ৪টা পর্যন্ত করে যাব, বলেন মঞ্জু।

বিএনপির অভিযোগের বিষয়ে খুলনা জানতে ‍খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। 

সদর থানার ডিউটি অফিসার পুলিশের উপপরিদর্শক (এসআই) রাশিদা সুলতানা ডেইলি স্টারকে বলেন, এ রকম কোনো ঘটনা ঘটেনি। বিএনপি নেতা-কর্মীরা শান্তিপূর্ণ পরিবেশে তাদের কর্মসূচি পালন করছেন।