গোবিন্দপুরে পারিবারিক কবরস্থানে আফজল খানকে দাফন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা, কুমিল্লা জেলা ১৪ দলীয় জোটের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খানকে গোবিন্দপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আজ বুধবার বিকেল ৪টায় আসরের নামাজ শেষে তাকে দাফন করা হয় বলে জানিয়েছেন আমাদের কুমিল্লা জেলা সংবাদদাতা।

এর আগে, দুপুর আড়াইটায় কুমিল্লা টাউন হল মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে কুমিল্লার সর্বস্তরের মানুষ তাকে ফুলেল শ্রদ্ধা জানান। টাউন হল মাঠের জানাজা শেষে তার দেহ কুমিল্লা সদরের গোবিন্দপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

টাউন হলে জানাজার আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

এ ছাড়াও, এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, মেজর জেনারেল সুবিদ আলী ভুঁইয়া, হাজী আকম বাহাউদ্দীন বাহারসহ সব দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কুমিল্লা জেলা আদালতে সকাল ১১টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা আইনজীবী নেতৃবৃন্দ ও আদালত কর্তৃপক্ষ শ্রদ্ধা জানান।

গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।